images

সারাদেশ

মোরেলগঞ্জে বিএনপি নেতা মিন্টু হত্যা মামলার ২ আসামি ঢাকা থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, ০৭:৫৮ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচিত বিএনপি নেতা মিন্টু শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন মহসিন হাওলাদার (৪০) ও শিমুল মোল্লা (৫২)। তারা দুজনই মামলার পলাতক আসামি ছিলেন।

শনিবার (৩০ মে) দুপুরে র‌্যাব-৬ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে

র‌্যাব-৬-এর সদর কোম্পানি এবং র‌্যাব-২-এর স্পেশাল কোম্পানির যৌথ অভিযানিক দল শনিবার (৩০ মে) ঢাকার মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ, তিন রাস্তার মোড় ও জনতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে মোড়েলগঞ্জের গোলাম রসুল ও মানসুর শেখ হত্যা মামলার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ মে বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর গ্রামের একটি সড়কে মিন্টু শেখের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড, দা ও চাপাতি দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দুজন ওই হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস