images

সারাদেশ

বাইক চালককে বাঁচাতে গিয়ে খাদে অটোরিকশা, প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, ০৭:৩৫ এএম

কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খাদে উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক, এক যাত্রী ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম খালেদা আক্তার। ৫০ বছর বয়সী খালেদা রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের থলিয়াঘোনা এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার ও ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করলে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।

coxsbazar-2তখন বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা পড়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা খালেদা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আহত হন অটোরিকশা চালক, এক যাত্রী এবং মোটরসাইকেল চালক। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিনিধি/এমআর