images

সারাদেশ

আত্মরক্ষার্থে ব্লেড দিয়ে যুবকের লিঙ্গ কাটলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর কলমি গ্রামে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবক আহত হয়েছেন। আত্মরক্ষার্থে ওই নারী ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করলে এই ঘটনা ঘটে। 

পরে পুলিশ আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই এলাকার মজিদ সর্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

ভুক্তভোগী নারী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে তিনি গৃহবধূর বসতঘরের রান্নাঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার জন্য ওই নারী কাছে থাকা একটি ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন।

আহত অবস্থায় ইমাম সর্দার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছেন।’

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি