জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৬, ০৬:৪৯ পিএম
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের (বিভাটেক) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা-মনোহরদী সড়কের আশরাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল-আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং একই উপজেলার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে ইজিবাইক চালক রুবেল শেখ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মনোহরদী মহাসড়কের আশরাফপুর এলাকায় মনোহরদীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক রুবেল শেখ, যাত্রী জুনায়েদ শেখ ও তার মা মাহফুজা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় চালক রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিবপুরের বড়ইতলা এলাকায় পৌঁছালে তারও মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত জুনায়েদের মা মাহফুজা বেগম গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/একেবি