images

সারাদেশ

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব: অমিত

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৬, ০১:৫৫ পিএম

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চেতনা ও আদর্শ ধারণ করে এগিয়ে যেতে পারলে তার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (৩০ মে) সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। এর আগে দলের কার্যালয়ে দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়।

দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য দিনটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, এই একটি দিনের কারণেই স্বাধীনতার পর বাংলাদেশ যে উচ্চতায় পৌঁছাতে পারত, ৫০ বছর পরও আমরা সেখানে পৌঁছাতে পারিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জিয়া আমাদের চেতনায়, জিয়া আমাদের অস্তিত্বে, জিয়া আমাদের বিশ্বাসে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীরা যদি জিয়াউর রহমানের চেতনা ও আদর্শ ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে পারে, তবে তার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

omit_dm-1অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমসহ দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় চত্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হচ্ছে।

প্রতিনিধি/এমআর