images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কেনাবেচা নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৬, ০১:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন।

শুক্রবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলা সদরের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে প্রথমে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করা কয়েকজন যুবক মাদক কেনাবেচার বিষয়ে সজীবের কাছে জানতে চান। এ সময় সজীবের সঙ্গে থাকা কয়েকজন তার পক্ষ নিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

30a08d54-2358-4455-aca9-63a016160a3c

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, মাদকসংক্রান্ত ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস