জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১০:০২ এএম
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এই মুহূর্তে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে মানুষের মাঝে ক্ষোভ বিরাজমান রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ক্রয়-ক্ষমতা কমে যাচ্ছে।
শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা শিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ও জনশক্তিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন নূরুল ইসলাম।
নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ঈদ যাত্রা কিছুটা স্বস্তিদায়ক ছিল। তবে ঈদুল ফিতর ও তৎপরবর্তী ঈদুল আজহাতে দেখেছি, একই ধারাবাহিকতায় কয়েকশত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। একদিনে ২২ জন নিহতের ঘটনা পেয়েছি। রাষ্ট্রের চরম অব্যবস্থাপনার কারণে। যানবাহনে সুষ্ঠু ব্যবস্থাপনা না করতে পারার কারণে। সর্বোপরি এই সরকার ক্ষমতায় আসার পরে ম্যানেজমেন্টের দিক থেকে চরম দুর্বলতা প্রদর্শন করেছে।
এসময়, সরকার দলীয় নেতার মনোরঞ্জনের জন্য কিশোরী খোঁজার সমালোচনা ও দেশে চলমান ধর্ষণের ঘটনা তুলে ধরে বিচার প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ এবং স্বৈরশাসকদের পরিণতির কথা তুলে ধরে নব্য ফ্যাসিবাদ করতে চাওয়াদের সতর্ক করেন শিবির সভাপতি। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার দল জামায়াত-শিবির। জনগণ তাদের ওপর আস্থা রেখেছে।
প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ওলট-পালট মোটিভেশন দেওয়া হচ্ছে দাবি করে ষড়যন্ত্রকারীদের হাত থেকে তাকে সতর্ক করেন এবং জামায়াত ইসলামীকে শত্রু না বানানোর আহ্বান জানান নুরুল ইসলাম। জামায়াতে ইসলামীর মতো বিরোধী দল পেয়ে আল্লাহর শুকরিয়া প্রকাশে সেজদায় পড়া থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধি/এসএস