জেলা প্রতিনিধি
২৯ মে ২০২৬, ১০:৪২ এএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির শয়নকক্ষের ধানের স্তূপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অভিযান চলাকালে রুবেল ইসলামকে খাটের নিচ থেকে আটক করা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার, এসআই তপন রায়, এসআই ইমরান, এসআই নাসিম, এসআই সচিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। মাদক কারবারে তার বাবা আব্দুর রহিমও সহযোগী হিসেবে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রহিম ও রুবেল ইসলামকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস