images

সারাদেশ

কসবায় নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ ভাসছিল পুকুরে

জেলা প্রতিনিধি

২৯ মে ২০২৬, ০৭:৫২ এএম

নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কসবা পৌর শহরের টি.আলী বাড়ি মোড়ের একটি পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, বিকেল তিনটার দিকে ওই এলাকার একটি পুকুরে হোসেন মিয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক হোসেন মিয়া ২৫ মে বিকেলে নিখোঁজ হন। এ ঘটনায় তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুকুর থেকে মরদেহটি তোলার পর মুখমণ্ডল দেখে তারা এটিকে হোসেন মিয়ার মরদেহ বলে শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

b.baria-1নিখোঁজ সংক্রান্ত অভিযোগে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা মোছা. সালমা বেগম তার স্বামী হোসেন মিয়া নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত সোমবার (২৫ মে) বিকেল চারটার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে হোসেন মিয়া নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “পুকুর থেকে অর্ধগলিত একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সেটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এমআর