images

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে বাসের হঠাৎ ব্রেক, দরজা দিয়ে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৬, ১০:৩৬ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায় বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনে (ইঞ্জিন কভার) বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষে। এ সময় খোলা থাকা দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই  মৃত্যু হয় তার।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ করে জোড়ে ব্রেক করায় খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিনিধি/এফএ