images

সারাদেশ

৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা রসিক প্রশাসকের

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৬, ০৪:৪৩ পিএম

সরকারিভাবে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা হলেও, মাত্র ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে নগরীর শাপলা চত্বরে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

প্রশাসক বলেন, স্থানীয় সরকার কর্তৃক বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে তবে আমরা ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করতে চাই। এ লক্ষে রসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ ১০৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী তিনটি জোনে বিভক্ত হয়ে বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন। এতে ট্রলি, রিকশাভ্যান ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।

ed6980cc-b96f-4c32-adb8-f5a2d4cea791

এর আগে যত্রতত্র পশু জবাই রোধে এবারে রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ৬৬টি স্থানে এবার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুযায়ী রসিকের নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য পানির সরবরাহ, সেবাপ্রাপ্তির সুব্যবস্থা, কোরবানির জন্য ইমাম ও মুয়াজ্জিন এবং মসজিদ-মাদরাসার হুজুরদের পাশাপাশি গোশত কাটাকাটির জন্য কসাইয়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও কোরবানির পর বর্জ্যের দুর্গন্ধ রোধে ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু, বর্জ্য শাখার আব্দুল মজিদসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস