জেলা প্রতিনিধি
২৮ মে ২০২৬, ০৩:৩২ পিএম
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে দশটায় গলাচিপা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল চালক গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার মো. ঝিলাম মিয়ার ছোট ছেলে তামিম ইকবাল (২০)। সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আবদুল মান্নান হাংয়ের ছেলে ইমরান হাং (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল পাঠানোর পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তামিম ইকবালের মৃত্যু হয়। সঙ্গে থাকা ইমরান হাংকে বরিশালে পাঠানো হলে পথিমধ্যে তিনিও মারা যান।
অপরদিকে, মৃত হাসেম হাংয়ের ছেলে অটোরিকশা চালক সোহাগ হাং, অটোর আরোহী কামরুল ইসলামের ছেলে ফরিদ হাং (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস