জেলা প্রতিনিধি
২৮ মে ২০২৬, ১০:২৮ এএম
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টায় ঈদুল আজহার এই নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এই নামাজে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
আরও পড়ুন: বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
নামাজ আদায় করতে আসা মুসল্লি মো. হাবিবুর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও গোর-এ-শহীদ ময়দানে ঈদের নামাজ আদায় করতে এসেছি। এত বড় জামাতে অংশ নিতে পেরে মন ভরে গেছে। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।

মুসল্লি আবু তাহের বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়। আজকের এই বিশাল জামাতে অংশ নিয়ে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেছি।
গোর-এ-শহীদ ময়দানের ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, আল্লাহতায়ালার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছে। আমরা নামাজ শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি।
পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সদা তৎপর ছিল।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করতে সক্ষম হয়েছি। দিনাজপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে সুন্দরভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।”
প্রতিনিধি/এজেড