images

সারাদেশ

অজ্ঞান পার্টির খপ্পরে কোটচাঁদপুরের ২ গরু ব্যবসায়ী, খোয়ালেন ১০ লাখ টাকা

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৬, ০৬:৪১ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে গরু বিক্রি করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে ১০ লাখ টাকা খুইয়েছেন কোটচাঁদপুরের দুই গরু ব্যবসায়ী। বুধবার (২৭ মে) ভোর রাতে ঢাকা- কোটচাঁদপুর সড়কে চলাচল করা জে-লাইন পরিবহনে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের একজন উপজেলার কুশনা গ্রামের এবাদত মন্ডলের ছেলে সবুজ হোসেন (৩৫) ও অন্যজন ফুলবাড়ি সমাজ কল্যান পাড়ার আবুবক্করের ছেলে অহেদুল ইসলাম (অতুল)। এরমধ্যে অতুল কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

ভুক্তভোগী সবুজ হোসেন বলেন, আমরা প্রতি বছর ঢাকার বাজারে গরুর ব্যবসা করে থাকি। এর ধারাবাহিকতায এ বছরও কোটচাঁদপুর থেকে সাতটি গরু নিয়ে গিয়েছিলাম ঢাকার বসিলার হাটে। এরপর সেই গরু বিক্রি করে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য ঢাকার গাবতলীতে আসি। এরপর জে লাইন পরিবহনে টিকিট কেটে বাড়ি দিকে রওনা হয়। 

তিনি বলেন, বাসটি কিছুদুর যাওয়ার পর আমরা দুই জনই ঘুমিয়ে পড়ি। তারপর আমি জেগে দেখি আমার কাছে থাকা টাকার ব্যাগ নাই। আর কাপড়ের ব্যাগটি ড্রাইভারের সামনে পড়ে আছে। তখনও অচেতন ছিল অতুল ভাই। সেই থেকে বাসটির সুপার ভাইজার, হেলফারদের সঙ্গে আমার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায় কোটচাঁদপুর আসার পর জে লাইন পরিবহনের বাসটি স্থানীয়রা আটক করে। 

ভুক্তভোগী দাবি করেন, ওই ঘটনার সঙ্গে বাসটির সবাই জড়িত আছে। কারণ হিসেবে তিনি বলেন, প্রথম থেকে বাসটির সুপার ভাইজার আমার সিটের পাশে অতুল ভাইকে বসতে না দিয়ে অপরিচিত মানুষকে বসান। কিছুদুর যাওয়ার পর তাকে নামিয়ে দিয়ে আবারও নতুন যাত্রী তুলে আমার পাশে বসান। এভাবেই তারা ঢাকা থেকে কোটচাঁদপুর পর্যন্ত আসেন।

ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জে লাইন পরিবহনের বাসটি আটক করেন ভুক্তভোগীদের পরিবার। 

এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অমরেন বিশ্বাস বলেন, অচেতন অবস্থায় দুই ব্যবসায়ীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে তারা এখনো পুরোপুরি সুস্থ হননি।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ