images

সারাদেশ

আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত মস্তকবিহীন আব্রাহাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মোবারক মণ্ডলকে (৪৭) কাতার থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বুধবার (২৭ মে) বিকেলে পিবিআই, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকার বালুর মাঠ সংলগ্ন রাস্তায় মস্তকবিহীন অবস্থায় আব্রাহামের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর পিবিআই, নারায়ণগঞ্জ জেলা ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মোবারক মণ্ডলকে শনাক্ত করে। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় তাকে কাতার থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

পিবিআই জানায়, দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস