জেলা প্রতিনিধি
২৭ মে ২০২৬, ০২:৫৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে ফোরলেন সড়ক নির্মাণকাজের খাদে বিলীন হওয়ার উপক্রম হয়েছে একটি পেট্রোল পাম্পসহ আশপাশের স্থাপনা। এরই মধ্যে ভাঙনের মুখে পড়ায় ‘ফাহাদ ফিলিং স্টেশন’-এর ডিজেল ডিসপেন্সার (তেল বিক্রির মেশিন) খুলে ফেলা হয়েছে। বন্ধ রয়েছে অকটেন ডিসপেন্সারও। ফলে পাম্পটির বড় ধরনের ক্ষতি হওয়া ছাড়াও বিভিন্ন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
পাম্পের সুপারভাইজার মামুন মোল্লা জানান, পাম্পের সামনে ফোরলেন সড়ক নির্মাণকাজের অংশ হিসেবে পানি নিষ্কাশন ড্রেনের জন্য একটি বক্স কালভার্ট তৈরি করা হচ্ছে। এজন্য প্রায় ২ বছর আগে এখানে মাটি খনন করা হলেও এখন বৃষ্টির মধ্যে কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় তাদের পাম্পটি বক্স কালভার্টের খাদে ভেঙে পড়তে শুরু করেছে। গত ১৪-১৫ দিন ধরে চলা এই ভাঙনে তাদের ডিজেল ও অকটেন ডিসপেন্সার বন্ধ হয়ে গেছে। ভাঙনের মুখে পড়ায় ডিজেল ডিসপেন্সারটি খুলে ফেলতে হয়েছে। এতে যানবাহনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
বিষয়টি পাম্পের মালিক ফারহান নূর প্রকল্প পরিচালককে জানালে তিনি সরজমিনে এসে অবস্থা দেখে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে কাজ করার নির্দেশ দেন। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় পুরো পাম্পটি খাদে ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রকল্প ব্যবস্থাপক-১ মোস্তাকুর রহমান ভূঁইয়া বলেন, ‘এ ব্যাপারে আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং ভাঙন ঠেকানোর ব্যবস্থা করে যাতে কাজ করা হয়, সেজন্য বলা হচ্ছে। তারা ব্যবস্থা নিচ্ছে। আগেও নিয়েছিল, তবে সেটি ঠিকঠাক হয়নি।’
প্রতিনিধি/একেবি