জেলা প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১১:১৬ এএম
জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ২০টি গ্রামের এক হাজারের বেশি মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।
বুধবার (২৭ মে) সকাল ৯টায় ইসলামপুরের রামভদ্রা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর তারা পশু কোরবানি করেন। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে তারা ঘরের ভেতরেই ঈদুল আজহার নামাজ আদায় করেন।
ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, রায়েরপাড়া, পশ্চিম নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া, উত্তর সাপধরী, দক্ষিণ সাপধরী; সরিষাবাড়ী উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, বগারপাড়, কামারপাড়া ও কুমারপুর এবং মাদারগঞ্জের লোটাবর কাজিয়াবাড়ী এই ২০টি গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করা হয়।
এসব গ্রামের মুসলমানদের বিশ্বাস, পবিত্র হজ, আরাফার দিন এবং ঈদুল আজহার মধ্যে যে সরাসরি সম্পর্ক রয়েছে, তা যথাযথভাবে মানতে হলে সৌদির তারিখ অনুসরণ করাই উত্তম। তাই সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জিলহজ মাসের গণনা শুরু করেন এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করেন।
নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, ‘আজ সকাল থেকে টানা বৃষ্টির কারণে আমরা মাঠে ঈদের নামাজ আদায় করতে পারিনি। আবহাওয়ার প্রতিকূলতার কারণে বাড়িতেই নামাজ পড়তে হয়েছে। এরপরও ঈদের আনন্দ ও ধর্মীয় অনুভূতিতে কোনো ঘাটতি নেই। নামাজ শেষে আমরা এখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির প্রস্তুতি নিচ্ছি।’
মুসলিম উম্মাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলতাফুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছি। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানি সম্পন্ন করা হবে।’
প্রতিনিধি/একেবি