images

সারাদেশ

বিজিবিকে দেখে ৮০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৬, ০৯:০১ এএম

কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উখিয়ার সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব-দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

পরে দুপুর আনুমানিক ১টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা কাপড়ে মোড়ানো তিনটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে রেখে যাওয়া পোটলাগুলোর ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতিনিধি/এমআর