images

সারাদেশ

কুমিল্লায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৬, ০৮:৫৪ এএম

কুমিল্লায় মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে মাকে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। পরে হত্যায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।

আটক রামিম বালুধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায়।

স্থানীয়রা জানায়, ছেলে রামিম দা দিয়ে তার মা রেহানা বেগমের (৫৫) মাথায় আঘাত করে। রেহানার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের ওপর অত্যাচার করতো। গতকাল রাত থেকেই মাদকের টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করছিল। সকালে আমরা দেখি দা দিয়ে সে তার মায়ের মাথায় কোপ দেয় এবং হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

পরে পুলিশ রামিম ইসলামকে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে আটক করে বলে জানান চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায়।

কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুর আনোয়ার জানান, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং চিকিৎসার জন্য রেহানা বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

প্রতিনিধি/এমআর