images

সারাদেশ

লক্ষ্মীপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৬, ১০:১৫ পিএম

ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বরিশাল রুটে লঞ্চ-সংকট ও দীর্ঘ অপেক্ষার পাশাপাশি পল্টনে স্থান সংকুলান না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে পল্টনের একমাত্র শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নারী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে ঘাটে অবৈধ স্পিডবোটে ঝুঁকিপূর্ণ যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। নৌ-পুলিশ দায়িত্বে থাকলেও স্পিডবোট চলাচল বন্ধে তাদের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উল্টো ঘাটে সাংবাদিকদের উপস্থিতি দেখে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেখান থেকে সরে যান।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে গিয়ে যাত্রীদের এমন ভোগান্তির চিত্র দেখা যায়। মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের সহজ যোগাযোগ মাধ্যম।

যাত্রীরা জানান, দুপুর ১২টা ১০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে এমভি পারিজাত নামে একমাত্র লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটি দুপুর দেড়টায় ঘাটে এসে পৌঁছায়। এতে বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ৩ ঘণ্টারও বেশি সময় ঘাটে অপেক্ষা করতে হয়। ঘাটে বসার কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বাড়ে।

লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান ও ঘাট ইজারাদার আমির আহম্মেদ রাজু জানান, পারিজাত লঞ্চটি যান্ত্রিক ত্রুটির কারণে ভোলার ইলিশা ঘাটে আটকে ছিল। সেখানে ত্রুটি সারিয়ে ঘাটে আসতে দেরি হয়েছে। আর শৌচাগারটি যাত্রীরাই নোংরা করেছে, এটি দ্রুত পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হবে।

প্রতিনিধি/একেবি