জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি চলছে। মাঠটিকে নামাজের উপযোগী করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক নিরলস কাজ করছেন। কেউ চুন দিয়ে কাতারের লাইন টানছেন, কেউ মাঠ সমান করছেন, আবার কেউ দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ ও মাঠের আবর্জনা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন।
জানা গেছে, এই মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।
দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোর-এ-শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ১৯৪৭ সাল থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৭ সালে এখানে ৫২টি গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন মিনারের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। এর দুই পাশে ৬০ ফুট উচ্চতার দুটি মিনার এবং মাঝখানে ৫০ ফুট উচ্চতার দুটি মিনার রয়েছে। প্রধান মেহরাবের উচ্চতা ৪৭ ফুট। এছাড়া ৫১৬ ফুট দৈর্ঘ্যের এই ঈদগাহে ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনারটি সিরামিকস দিয়ে তৈরি এবং প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিংয়ের ব্যবস্থা।
দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্নে যাতায়াতের জন্য মাঠের চারপাশে ১৬টি প্রবেশপথ (গেট) স্থাপন করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে। ঈদের দিন সকাল ৭টা ১৫ মিনিট থেকে খতিবগণ বয়ান শুরু করবেন এবং সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ঈদের দিন মুষলধারে বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে পাশের বড় মসজিদে নামাজ আদায় করা হবে। তবে হালকা বৃষ্টি হলে যেন সমস্যা না হয়, সেজন্য মাঠে বিছানোর জন্য পর্যাপ্ত পলিথিন কেনা হয়েছে।
প্রতিনিধি/একেবি