জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০৮:২১ পিএম
চাঁদপুরের মতলব উত্তর ও হাজীগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক স্কুলছাত্র এবং হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) এসব দুর্ঘটনা ঘটে।
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে ভোররাতে প্রবল ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে এবং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ঝড়ের সময় ফয়েজ দাদি মমিনা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই ফয়েজের মৃত্যু হয়। তবে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হওয়ায় অক্ষত থাকেন তার দাদি। স্বজনরা জানান, ফয়েজের মা-বাবা নারায়ণগঞ্জে থাকেন। সন্তানের লেখাপড়ার সুবিধার্থে তাকে গ্রামের বাড়িতে দাদির কাছে রাখা হয়েছিল। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আগেই ছেলের মৃত্যুর খবর পান তারা।
নিহতের দাদি মমিনা খাতুন জানান, ফজরের আজানের সময় ঝড় শুরু হলে তিনি ফয়েজকে ঘুম থেকে উঠতে বলেন। ফয়েজ পরে উঠবে জানালে তিনি দরজা খুলে বাইরে তাকানো মাত্রই বিকট শব্দে একটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। গাছটি সরাসরি ফয়েজের গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটিকে সরকারিভাবে সহায়তা করা হবে।
এদিকে জেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। মিম আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, মিম আক্তার নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নানির হাত থেকে ছুটে সড়ক পার হতে দৌড় দিলে রামগঞ্জগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/একেবি