জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০১:৫১ পিএম
রংপুর নগরীর মাহিগঞ্জ কলাবাড়িতে পাটখেতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বদিউজ জামান নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় চিপসের প্যাকেট কিনে দিয়ে পাটখেতে নিয়ে যায় অভিযুক্ত বদিউজ্জামান। পাট খেতে নিয়ে গিয়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ফেলা হয়। পরে ধর্ষণের চেষ্টাকালে লোকজন দেখে পালিয়ে যায়। এমন অভিযোগে মাহিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুর অভিভাবক।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হয়। পুলিশি তৎপরতা দেখে অভিযুক্ত বদিউজ্জামান অন্য এলাকায় পালিয়ে যায়। পরে সারারাত বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ কমিশনার আরো জানান, অভিযুক্ত বদিউজজামান ঢাকায় থাকে। মাঝে মাঝে রংপুরে আসে। স্থানীয়ভাবে জানা যায়, তার স্বভাব চরিত্র ভালো নয়। লম্পট প্রকৃতির। একাধিক বিয়ে করেছেন তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, গ্রেফতার বদিউজ্জামানকে বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে যাতে দ্রুত তার বিচার হয়, সে জন্য বিচারকের কাছে পুলিশ রিপোর্ট তুলে ধরবে।
প্রতিনিধি/এসএস