জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০১:৪৪ পিএম
ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় ভোরে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা সেখানে একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন।
নিহতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহার আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মরহুম আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু মিয়া (৪০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহার আলী প্রায় চার বছর আগে ঋণ করে ইরাকে যান। বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন সাপ্লাইয়ের কাজ করে কষ্টে পরিবার চালাতেন। চার বছরেও ঋণের বোঝা শোধ করতে পারেননি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একই দিন ঘূর্ণিঝড়ে তাদের ঘরের চাল উড়ে যাওয়ায় পরিবারটি আরও বিপাকে পড়ে।
অপরদিকে, বজলু মিয়াও প্রায় দেড় বছর আগে উন্নত জীবনের আশায় ইরাকে যান। ঋণ করে বিদেশ গেলেও পরিবারের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
মনোহার আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, রোববার বিকেলেও স্বামীর সঙ্গে কথা হয়েছে। ভোরে ফোনে জানতে পারি তিনি মারা গেছেন। এখন সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব বুঝতে পারছি না।
বজলু মিয়ার স্ত্রী আঁখি আক্তার বলেন, রাতে শেষবার কথা হয়েছিল। দেশে ফেরার কথাও বলেছিলেন। হঠাৎ খবর আসে তিনি আর নেই।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। মরদেহ দেশে ফেরাতে পরিবারকে দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস