জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১২:৩৪ পিএম
কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বেলা সোয়া ১১টার দিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বেলা সোয়া ১২টার দিকে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১২টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ঈদকে সামনে রেখে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় ঘরমুখো হাজারও যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন। পুনরায় চলাচল শুরু হলে যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বেলা সোয়া ১২টার দিকে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
প্রতিনিধি/এসএস