জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১১:৫৮ এএম
বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিক থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহনের যাত্রীরা। এছাড়া দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারাপারের জন্য আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
প্রতিনিধি/এসএস