জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১১:২১ এএম
নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত সাহাবুদ্দিন থান্দার (২৬) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহাবুদ্দিন থান্দার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামের এখলাছ থান্দারের ছেলে।
এর আগে সোমবার (২৫ মে) রাতে তার মরদেহ হাড়িডাঙ্গা গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ মে) পৈতৃক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাহাবুদ্দিনের চাচাতো ভাই সিসান থান্দার ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এ সময় বায়েজিত, তোকাসহ ৮ থেকে ১০ জন তাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের লোকজন প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান। পরে সোমবার রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর মঙ্গলবার সকালে সাহাবুদ্দিনের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষরা জমির দখল নিতে গেলে সাহাবুদ্দিন বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় গত বুধবার (১৯ মে) থানায় একটি মারামারি মামলা দায়ের করা হয়, মামলাটি এখন হত্যা মামলায় ধারা সংযোজন করার জন্য আমরা আদালতে আবেদন করেছি। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস