images

সারাদেশ

লালগালিচা সংবর্ধনায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ বিদায়

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৬, ০৯:৩৫ এএম

বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানো হয়েছে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালগালিচা সংবর্ধনা, রঙিন ধোঁয়া আর রাজকীয় সাজে সাজিয়ে ক্রেতার হাতে তুলে দেওয়া হয় ভাইরাল মহিষটিকে। ৭০০ কেজি ওজনের ট্রাম্পের বিদায়ের মুহূর্তে খামারিরা যেমন আবেগাপ্লুত হয়ে পড়েন, তেমনি উৎসুক দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। একটি কোরবানির পশুকে ঘিরে এমন নজিরবিহীন আয়োজন এর আগে খুব একটা দেখা যায়নি।

‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে গতকাল দুপুর থেকেই রাজকীয় প্রস্তুতি শুরু করেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারিরা। এজন্য এলভিনো জাতের মহিষটিকে গোসল করানো হয়। পরে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাটিয়ে বিদায় জানায়।

এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

‘এলভিনো’ জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষের এই নামের প্রচারিত খবরটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেলে তা ভাইরাল হয়।

তবে এর আগেই ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’কে ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। এরপর মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে শিশু কিশোর যুবকরা সব বয়সী মানুষ আসেন।

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। সোমবার বিকালে ভাইরাল এই ‘ডোনাল্ড ট্রাম্প’টি ঢাকায় ক্রেতার বাড়িতে চলে যায়।

মে মাসজুড়ে প্রতিদিন অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করেন। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন।

তারকা এ মহিষটির যত্নেও কোনো কমতি ছিল না। দিনে চারবার গোসল করানো হয়েছিল মহিষটিকে। মাথায় পানি ঢেলে গোলাপি রঙের ব্রাশ দিয়ে যত্ন করে আঁচড়ে দেওয়া হয়েছিল তার সোনালি চুল।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও উপায় নেই। কোরবানি ত্যাগের মহিমায় দিতে হয়।

রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক দিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এমআর