জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০৫:৫১ এএম
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে বিএনপির নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে মান্দারী বাজারে এ কর্মসূচি পালন করে তারা। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক ও মান্দারী বাজার সড়ক প্রদক্ষিণ করে।
চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ১৭ বছর জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল জনগণ তা জানে। ১৯৮৬ সালে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করে এরশাদকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আপনারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। সেই ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পারছি। ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা আলোচনায় বসতে চেয়েছি, কিন্তু আপনার না বসে, হুমকি দিচ্ছেন, অহমিকা দেখাচ্ছেন। হুঙ্কার দিয়ে, অহমিকা দিয়ে, আজেবাজে লেখালেখি করে ধুম্রজাল সৃষ্টি করবেন না। বিএনপি এখন অনেক সজাগ, সচেতন এবং স্বয়ংসম্পূর্ণ দল। ধৈর্য ধরার শক্তি আমাদের আছে। আপনারা এই ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না। আক্তার মেম্বারকে মারধরসহ আমাদের যে পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে তার প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান লিটন, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।
প্রতিনিধি/এফএ