জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০৯:২৩ পিএম
বগুড়ার কাহালুতে বাসচাপায় অটোভ্যানের যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক।
সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার কাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও তার মেয়ে তাইফা আয়েশা তনু (১৯)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মা-মেয়ে দুপচাঁচিয়া উপজেলা সদরে ডাক্তার দেখিয়ে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। কাজিপাড়া বাসস্ট্যান্ডের ১৫০ গজ আগে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত ভ্যানচালক শাওনকে (১৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনগত প্রক্রিয়া শেষে মা-মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/একেবি