নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৬:৩৮ পিএম
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র বানাতে দেব না। সন্ত্রাসীরা যত চেষ্টাই করুক, আমরা তা প্রতিহত করব।
রোববার (২৪ মে) দিবাগত রাতে ইয়াসিন বাহিনীর একদল সন্ত্রাসী জঙ্গল সলিমপুরের যৌথ বাহিনীর ক্যাম্পে অতর্কিত গুলিবর্ষণ করে এবং বুলডোজার দিয়ে একটি নির্মাণাধীন ক্যাম্পের দেয়াল ভেঙে দেওয়ার ঘটনায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সোমবার (২৫ মে) সকালে তিনি জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান। এসময় তিনি কোটি টাকার সাম্রাজ্য হারাতে বসা সন্ত্রাসীদের ঝাঁকুনি বলে অভিহিত করেন।

এসপি মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের একটি বড় স্বার্থের এবং ইন্টারেস্টের জায়গা। কোটি কোটি টাকার বিশাল এ সাম্রাজ্য যখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন হাতছাড়া হওয়ার আগে তারা একটা ঝামেলার দিকে যাচ্ছে। তারা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করব।
এসপি মাসুদ আলম জানান, রোববার দিনগত রাত আনুমানিক ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় সদ্য স্থাপন করা যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। একপর্যায়ে হামলাকারীরা এস্কেভেটর ও বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনায় আঘাত করে। এতে যৌথবাহিনীর একটি ক্যাম্পের অবকাঠামো গুঁড়িয়ে দেয় তারা।
খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। দীর্ঘ ১১ ঘণ্টা অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। সামনে প্রয়োজনে আরও বেশি পরিমাণে ফোর্স মোতায়েন করা হবে এবং সে অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এসপি বলেন, ইয়াসিন নামের ব্যক্তিটি সম্প্রতি এখানে তৎপরতা শুরু করেছে। আমাদের মনে হচ্ছে, ওর ব্যাকগ্রাউন্ড বা ওর পেছনে কেউ থাকতে পারে। তদন্ত সাপেক্ষে আমরা তা শনাক্ত করার চেষ্টা করছি। তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এসপি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের প্রবেশমুখের অন্তত চারটি রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে সেই বাধা উপেক্ষা করেই ভোররাত থেকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। এই অভিযানে ব্যাপক তল্লাশি চালিয়ে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল উদ্দেশ্যের কথা জানিয়ে এসপি মাসুদ আলম বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই জনপদে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা। যেন দেশের ভেতর আরেক রাষ্ট্র না বানানো হয়, তার জন্য যা যা করা দরকার আমরা করব।
প্রতিনিধি/এসএস