জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০৬:২৫ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় একদল যুবক।
সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের পর স্থানীয় যুবকেরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাবুলকে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুসা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় সাধারণ মানুষ। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবুলকে কয়েকবার আটক করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।
এদিকে, স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস