images

সারাদেশ

জমি বিক্রির টাকা চুরি করতে গিয়ে রিতা মজুমদারকে গলা কেটে হত্যা করা হয়

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

জমি বিক্রির টাকা চুরি করতে গিয়ে চিনে ফেলায় বগুড়ার গাবতলীতে রিতা রানী মজুমদারকে (৫০) গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতারের পর পুলিশ এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৪ মে) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত ২০ মে রাতে গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে নিজ ঘরে খুন হন ওই গ্রামের বিধান মজুমদারের স্ত্রী রিতা মজুমদার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মমিনহাটা গ্রামের শাওন মিয়া (২০) এবং একই এলাকার আনোয়ার হোসেন (৩৫)। তারা দু'জনেই পেশায় দিনমজুর।

সোমবার (২৫ মে) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, গ্রেফতার আনোয়ার ও শাওন একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। কিছু দিন আগে আনোয়ার জানতে পারেন, বিধান মজুমদারের বাড়িতে জমি বিক্রির টাকা আছে। এরপর দু’জন মিলে টাকা চুরির পরিকল্পনা করেন। আনোয়ার স্থানীয় বাজার থেকে দু’টি হাসুয়া কিনে আনেন। ঘটনার রাতে রিতা মজুমদার ও তার স্বামী বাড়ির বাইরে ধান ও খড় তোলার কাজে গেলে দুই জন বাড়িতে ঢুকে গরুর খাবার রাখার ঘরে লুকিয়ে থাকেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত সোয়া ১২টার দিকে শাওন দরজায় ধাক্কা দেন। শব্দ পেয়ে রিতা মজুমদার টর্চলাইট নিয়ে বাইরে বের হলে তিনি আনোয়ারকে চিনে ফেলেন। এতে আনোয়ার তার হাতে থাকা হাসুয়া দিয়ে রিতার গলায় কোপ দেন। পরে তারা আতঙ্কিত হয়ে চুরি না করে দ্রুত পালিয়ে যায়। পাশের রুম থেকে গোঙ্গানী শব্দ শুনে বিধান মজুমদার বের হয়ে ঘরের মেঝেতে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করেন।

তদন্তের একপর্যায়ে শাওন মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আনোয়ার হোসেনের নাম জানান। পরে পুলিশ আনোয়ারকেও গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পর আসামিরা ব্যবহৃত দু’টি হাসুয়া লুকিয়ে রাখেন। পরে সেগুলো বারবাড়ি বিলের কচুরিপানার মধ্যে ফেলে দেওয়া হয়। রোববার দিবাগত রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি হাসুয়া উদ্ধার করে। আসামিদের কাছ থেকে হত্যার সময় পরিহিত পোশাক, ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ডও জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামিদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস