জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০১:৩৭ পিএম
পিরোজপুর পশুর হাটে নজর কাড়ছে তোতা জাতের প্রায় ৩২ কেজি ওজনের একটি ছাগল, দাম হাঁকা হচ্ছে ৪৫ হাজার টাকা। জেলার জিয়ানগর বাজারের পশুর হাটে ওই ছাগলটি দেখা গিয়েছে। উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালি গ্রামের খামারি মো. আব্দুল আলিম আকনের খামারে বড় হয়ে ওঠা এই ‘তোতা’ জাতের ছাগল এখন স্থানীয় পশুর হাটের মূল আকর্ষণ। আদর করে ছাগলটির নাম রাখা হয়েছে ‘লালু’।
হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের নজর কেড়েছে লালচে বর্ণের এই ছাগলটি। শতাধিক বিভিন্ন প্রজাতির ছাগলের মধ্যে ব্যতিক্রমী গঠন ও রঙের কারণে ছাগলটিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। শুধু ছাগলই নয়, এদিন হাটে প্রায় তিন শতাধিক গরুও উঠেছে বলে জানা গেছে।

খামারি মো. আব্দুল আলিম আঁকন জানান, তার খামারে আরও ৪ থেকে ৫টি তোতা জাতের ছাগল রয়েছে। লালচে বর্ণ হওয়ায় ছাগলটির নাম রাখা হয়েছে ‘লালু’। তিনি বলেন, “লালু বলে ডাক দিলেই সে সাড়া দেয়। দেশীয় প্রজাতির খাবার খাইয়ে ছাগলটিকে বড় করেছি। নিয়মিত পরিচর্যার কারণেই এটি সুস্থ ও আকর্ষণীয় হয়েছে।
হাটে আসা দর্শনার্থীরা জানান, সাধারণ ছাগলের তুলনায় লালুর গঠন ও রঙ কিছুটা আলাদা হওয়ায় সেটি সবার দৃষ্টি কাড়ছে। অনেকে ছাগলটিকে একনজর দেখতে ভিড় জমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন বলেন, আমরা পশুর হাট পরিদর্শন করেছি। হাটে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। তিনটি পশুর মধ্যে কিছুটা অসুস্থতা দেখা দিয়েছিল, সেগুলোকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে ব্যতিক্রমী ও দেশীয় জাতের পশু দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ।
প্রতিনিধি/এসএস