জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১১:০০ পিএম
নাটোরের সিংড়ায় চুরি হওয়া একটি ফ্রিজ কিনে বিপাকে পড়েছেন পুলিশের এসআই মো. নজরুল ইসলাম। এ ঘটনা প্রকাশ পেলে নাটোরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
পুলিশ সূত্রে জানা যায়, দেড় মাস আগে সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছোট ছেলে মাসুম আলী তার বড় ভাই মুনছের আলীর বাসা থেকে একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করে। গভীর রাতে চুরি করা ফ্রিজ ও অন্যান্য মালামাল ভ্যানগাড়িতে যোগে নিয়ে যাওয়ার সময় সিংড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভ্যানগাড়িটি আটক করেন সিংড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নজরুল ইসলাম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত মাসুম।
পরে এসআই নজরুল ইসলাম জব্দ করা মালামাল থানায় জমা না দিয়ে মালামাল তার ভাড়া বাসায় নিয়ে যান। এ চুরির ঘটনা প্রকাশ পেলে চুরি যাওয়া মালামাল ফেরত পেতে থানায় যান মুনছের আলীর স্ত্রী ও স্বজনরা।
প্রত্যক্ষদর্শী সাজু ভুন্ডু ও আবু হানিফ জানান, অভিযুক্ত মাসুম সকালে ওই পুলিশ কর্মকর্তার বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করেন। এসময় এসআই নজরুল ইসলাম ১১ হাজার ৫০০ টাকায় ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে ফ্রিজটি কেনেন।
ভুক্তভোগী মুনছের আলী জানান, আমার আপন ছোট ভাই আমার বাসা থেকে ফ্রিজ চুরি করেছিল। পরে বিষয়টি জানাজানি হলে আমি থানায় গিয়ে চুরি হওয়া মালামাল ফেরতের জন্য অভিযোগ করি।
মুনছের আলীর মা মর্জিনা বেগম জানান, ফ্রিজ চুরির পর সাজুর মাধ্যমে জানতে পারি পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ফ্রিজটি নিয়েছেন। পরে লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে। গত শনিবার (২৩ মে) সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল অফিসে আপস মীমাংসা শেষে ফ্রিজ ফেরত পান।
বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাসুম আলী নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ফ্রিজ কেনেন আমাদের এক পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে ফ্রিজের প্রকৃত মালিক চুরির বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে ফ্রিজটি ফেরত দেন তিনি।
প্রতিনিধি/এসএস