images

সারাদেশ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসরের প্রত্যাশা ভূমিমন্ত্রীর

জেলা প্রতিনিধি

২৪ মে ২০২৬, ০২:৪৫ এএম

রাজশাহীতে খুব শিগগিরই আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ও স্থানীয় ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৩ মে) বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘বিশ্বের বড় বড় খেলোয়াড়রা কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। জীবনে সফলতা পেতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বজায় রাখা ও নিয়মিত কঠোর অনুশীলনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, রাজশাহীতে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) থাকায় নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুযোগ পাচ্ছে। এখান থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে রাজশাহীর সুনাম ছড়িয়ে দেবে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ‘বাংলাদেশ সরকার কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। পুথিগত বিদ্যার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চাকে উৎসাহিত করা হচ্ছে, যেন খেলাধুলাকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা পেলে আজকের এই কিশোর-তরুণরাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে