images

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় তিন বছর বয়সী শিশুসহ এক নারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত নারী হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার বৃষ্টি খাতুন (২৫)। তার সঙ্গে ছিল তিন বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন।

থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন বৃষ্টি খাতুন। এসময় সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

পরে শুক্রবার রাত ৭টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় যাচাই শেষে বিএসএফ আটক নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটক নারী এর আগেও ভারতে গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভারতে অবস্থানরত স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এজে