images

সারাদেশ

বাগেরহাটে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে বালতির পানিতে ডুবে আবু তালহা (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার(২৩ মে) দুপুরে উপজেলার লখপুর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু তালহা স্থানীয় বাসিন্দা সৈকত ইসলামের ছেলে। তার মায়ের নাম মনিরা বেগম।

পরিবারের সূত্রে জানা যায়, সৈকত ইসলামের সাথে মনিরার বিবাহ বিচ্ছেদ হলে দ্বিতীয় স্ত্রী রুকাইয়া সিকদার ও বাবা সৈকত ইসলামের সাথেই থাকতো শিশু আবু তালহা।

স্থানীয়রা জানান, শিশুটিকে বাড়ির ভেতরে একটি বালতিতে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের কয়েকজন সদস্য ও স্থানীয়দের অভিযোগ, শিশুটির মৃত্যুর ঘটনায় সৎ মায়ের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার স্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/ এজে