জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০৫:০৮ পিএম
কোটি টাকার কোকেনসহ গ্রেফতারের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে (৪৭) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৩ মে) জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় দলের গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ হতে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সাইফুজ্জামান কাজল কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়ার আপন মামা। তিনি উপজেলার খারনৈ ইউনিয়ন বৈঠাখালি গ্রামের আব্দুল বারেকের ছেলে। তবে তিনি ঢাকায় বসবাস করতেন।
গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদকসহ যে-কোনো অপকর্মে জড়ালে যত প্রভাবশালীই হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে এমন লোকের কোনো স্থান নেই।
প্রতিনিধি/এজে