জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০১:২০ এএম
বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থওয়ইংলা ম্রো (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত থওয়ইংলা ম্রো উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেংয়ক পাড়া (মাংগু) এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি আলীকদম উপজেলার দুর্গম এলাকাগুলোতে হাম ও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে। শুক্রবার দুপুর থেকে থওয়ইংলা ম্রোর ডায়রিয়া শুরু হয়। তবে তাকে সন্ধ্যার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্র জানায়, রোগীকে গুরুতর ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ভর্তি করার প্রায় আধা ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মতে, সচেতনতার অভাব এবং দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসান বলেন, ‘রোগীকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাসেবা পুরোপুরি দেওয়ার সুযোগ হওয়ার আগেই ভর্তি করার আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।’
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও সচেতনতার অভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। স্থানীয়দের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ওরস্যালিন ও বিশুদ্ধ পানি ব্যবহারে গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য, আলীকদম বান্দরবানের অন্যতম দুর্গম উপজেলা। পার্বত্য এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় প্রায়ই রোগী নিয়ে হাসপাতালে আসতে দেরি হয়। এতে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে জটিল অবস্থায় পৌঁছান।
প্রতিনিধি/এমআই