জেলা প্রতিনিধি
২২ মে ২০২৬, ১০:৩৬ পিএম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার বলেছেন, কোনো ব্যক্তির কাছে মাদক পাওয়া গেলে শুধু তাকে নয়, তার পরিবারকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ মাদক বিক্রির টাকায় বিক্রেতা একা নয়, পুরো পরিবার আরামে জীবনযাপন ও স্বাচ্ছন্দ্যবোধ করে। এজন্য এই অপরাধের ভাগীদার তারাও।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ‘নির্বাচন পরবর্তী জনসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তালুকদার খোকন আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিটি ইউনিয়নে একটি করে সচেতনমূলক কমিটি করা হবে। যারা মাদক সেবন করে আর বিক্রি করে তারা নিজ এলাকার সন্তান। মাদক বিক্রির টাকা দিয়ে বিক্রেতারা বাড়িতে বিল্ডিং করে, গাড়িতে যাতায়াত করে। যে বাড়ি এই ঘটনা ঘটবে, সেই পরিবারের সবাই দোষী। এক্ষেত্রে নারী কিংবা বৃদ্ধকেও কোনো ছাড় নয়।

যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক তালুকদার খোকন বলেন, নদীতে বালু উত্তোলনের ফলে ব্যাপক ভাঙন দেখা দেয়। এক শ্রেণির অসাধু ব্যক্তি দিনের পাশাপাশি রাতের আঁধারেও বালু উত্তোলন করে। বালু উত্তোলন বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখনও সময় আছে, যারা এই কাজের সাথে জড়িত তারা ভালো হয়ে যান। তা না হলে এলাকাবাসী ও প্রশাসন তাদের কঠোরভাবে দমন করবে।
আলীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন মুনশি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ অনেকেই।
প্রতিনিধি/এসএস