জেলা প্রতিনিধি
২২ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের কৃষক ফয়সাল আহমেদ ব্যাপারী (৩৫)।
শুক্রবার (২২ মে) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই গ্রামের ফজলুল হক ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শুক্রবারও জীবিকার তাগিদে নিজ ফসলের মাঠে কাজ করতে যান ফয়সাল। দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। একবার ঘাস কেটে বাড়িতে রেখে পুনরায় মাঠে গেলে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ফয়সাল। কাছাকাছি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা এক কৃষক দূর থেকে বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্বজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে চেয়ারম্যান বাজারের ‘ডক্টরস পয়েন্ট’ নামে একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী ব্যাপারী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফয়সালের পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। পরিবারটির পাশে দাঁড়াতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস