images

সারাদেশ

মুন্সিগঞ্জে গরুর হাট ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ, ৩ জন টেঁটাবিদ্ধ

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৬, ০৮:২৩ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুচর গরুর হাটের ইজারা ও বাজারের বণিক সমিতির নির্বাচন নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে তিনজনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

এর মধ্যে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কয়েক দফায় উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শহীদ বাউল গ্রুপ এবং খোকন সরকার-সংশ্লিষ্ট পক্ষের (মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার গ্রুপ) মধ্যে বিরোধ চলছিল।

13059859-78d9-4e1b-aa88-98061b775ec9

এর জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে, শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে, এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

আরও পড়ুন

নড়াইলে মসজিদ কমিটির বিরোধে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১২

এ সময় সংঘর্ষে শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫) টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

16589b64-7d23-4ec4-8c18-8e8e535511fc

এদিকে এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

f7be669d-32c2-433b-a4c9-611b0d57141f

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দুই গ্রুপের সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ। ছবি শুক্রবার দুপুরে তোলা- ঢাকা মেইল।

প্রতিনিধি/এসএস