images

সারাদেশ

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৬, ০২:৪৯ পিএম

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী (৩৫)। গত সোমবার প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুরুজের পরিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত সুরুজ কাজী (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে।

নিহতের পরিবার জানায়, ৯ মাস আগে প্রতিবেশি এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছায় সুরুজ। সেখান গিয়ে ৮০ হাজার টাকায় একটি কোম্পানি কাজ করে সে। পরবর্তীতে চলতি মাসে দালালদের প্রলোভনে বেশি বেতনে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন সে। বার্বুচি হিসেবে সুরুজ যুদ্ধরত একটি ক্যাম্পে রান্না করতো। কিন্তু সেই ক্যাম্পে সম্প্রতি ইউক্রেনের নিক্ষেপ করা মাইন বিস্ফোরণে সুরুজ নিহত হন। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী যুবক মুঠোফোনে সুরুজের পরিবারকে জানায় মৃত্যুর খবর। এই ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে ঘটনার পর পলাতক অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগিরা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।

আদরের ভাইকে হারিয়ে বুকফাটা আর্তনাদ বোন শারমিনের। কান্নায় ভেঙ্গে পড়েন মা নুর জাহান বেগম। বাবা বাকরুদ্ধ।

নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, ‘আমার বড়ছেলে এভাবে মারা যাবে এটি কল্পনাও করতে পানিনি। আমি দালালদের বিচার চাই। আর দ্রুত আমার ছেলে লাশ ফেরত চাই।’

সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, ‘আমাদের ভাই সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে বুঝতে পারিনি। বিদেশে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু দালালচক্রের প্রলোভনে আমার ভাই বিদেশে পাড়ি জমায়। শেষমেশ যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছে। সরকারের কাছে আকুতি ও মিনতি করছি আমার ভাইয়ের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করুক।’

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, রাশিয়ায় যুদ্ধে যুবক সুরুজ কাজী নিহতের ঘটনায় অত্যন্ত দুঃখজনক। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগের নেয়া হবে।

প্রতিনিধি/ এজে