জেলা প্রতিনিধি
২২ মে ২০২৬, ০৮:৩১ এএম
চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন বৈদ্যুতিক ত্রুটির কারণে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। রাত গভীর হওয়ায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে উদয়ন এক্সপ্রেস। রাত পৌনে ১২টার দিকে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ট্রেনটির ইঞ্জিনসহ পুরো বগিতে বিদ্যুৎ না থাকায় সেটি বিকল হয়ে যায়।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনটি সচল করতে প্রকৌশলীরা কাজ করছেন। যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ টহল জোরদার করেছে।
ট্রেনে আটকে পড়া যাত্রী বাপ্পী তঞ্চংগ্যা মুঠোফোনে বলেন, চট্টগ্রাম ছাড়ার পর থেকেই ট্রেনটির অবস্থা ভালো মনে হয়নি। লাকসামে এসে পুরো ট্রেনের বিদ্যুৎ চলে যায়। দুই ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছি। এখনো জানি না কখন যাত্রা শুরু হবে।
তিনি আরও বলেন, ট্রেনের ভেতরে অন্ধকার থাকায় অনেক যাত্রী প্ল্যাটফর্মে নেমে এসেছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে আছেন।
স্টেশনে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় অনেকে হাতপাখা দিয়ে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ কেউ প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছেন ট্রেন সচল হওয়ার।
প্রতিনিধি/ এজে