জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৭:৩৪ পিএম
মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি দমন, ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আরপিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন কে গ্রেফতার করেছে। এরমধ্যে নগরীর ধাপ কটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করা হয়। জনসাধারণের চলাচলে বাধা, অশালীন আচরণ, সন্দেহজনক ঘোরাফেরা ও অপরাধমূলক কর্মকাণ্ডে প্রস্তুতির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে নগরীর পশ্চিম মুলাটোল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
এছাড়াও আরপিএমপির পরশুরাম থানা পৃথক অভিযানে ২ জন, মাহিগঞ্জ থানা ৩ জন এবং তাজহাট থানা ৫ জনকে আটক করেছে। তাজহাট এলাকায় জুয়ার আসর বসানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়।
অন্যদিকে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মাদক সেবনের দায়ে ৬ জন এবং চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জামান, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি চলমান থাকবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই হবে মেট্রোপলিটন পুলিশের মূল লক্ষ্য।
প্রতিনিধি/এজে