জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৪:৫৮ পিএম
শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই শিক্ষার্থীশূন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রবেশ করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। নিয়োগ পাওয়ার আট দিনের মাথায় বৃহস্পতিবার দুপুরে তিনি ক্যাম্পাসে যান। এ সময় তাঁকে শিক্ষক সমিতির নেতারা ও সাবেক ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন ফুল দিয়ে স্বাগত জানান।
জানা গেছে, ভিসির আগমনের পরপরই ক্যাম্পাসের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন অবরোধমূলক আসবাবপত্র ও ব্যারিকেড সরিয়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এতে মূল ফটক স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হয়। তবে এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে নীরবতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে ভিসির কার্যালয়ে নিজের চেয়ারে বসেন নতুন ভিসি। এ সময় শিক্ষক ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভিসি। বৈঠক শেষে শিক্ষক ও কর্মচারীরাই তাঁকে ক্যাম্পাসে নিয়ে যান।
এর আগে ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির পর মঙ্গলবার বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ বা ক্যাম্পাস পুরোপুরি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর ফলে বুধবার সকালেই একেবারে ফাঁকা হয়ে যায় ক্যাম্পাস। শাটডাউন ঘোষণার পর মঙ্গলবার রাতেই বেশির ভাগ শিক্ষার্থী গ্রামের বাড়িতে চলে যান। আর যাদের বাড়ি দূরে, তারা বুধবার সকালে ক্যাম্পাস ছাড়েন।
ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সংঘর্ষ, হামলা-ভাঙচুর আর টানা ছয়দিনের বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এই আন্দোলনে অচল হয়ে পড়েছিল পুরো বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে ভিসি নিয়োগসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ওই দিন বিকেলে পুরো ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে বৈঠক করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। ডুয়েটের পাশে গাজীপুর উপজেলা পরিষদে এ বৈঠক হয়। এরপর বৃহস্পতিবার আবার মেট্রোপলিটন সদর দপ্তরে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে নিজের কার্যালয়ে যান নবনিযুক্ত ভিসি।
প্রতিনিধি/একেবি