images

সারাদেশ

গলাচিপায় ৫০ লাখ রেনুপোনাসহ ট্রাক আটক

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৬, ০৮:০৬ পিএম

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রেনুপোনা জব্দ করা হয়েছে। এ সময় রেনুপোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও অন্যান্য সামগ্রীও আটক করা হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। 

এছাড়া রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার এবং ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতর জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে