images

সারাদেশ

নজর কাড়ছে ৭৬ কেজির ছাগল, খামারে দর্শনার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরায় এবার আলোচনায় এসেছে বিশাল আকৃতির কয়েকটি ছাগল। দূর থেকে দেখলে ছোটোখাটো বাছুর মনে হলেও কাছে গেলে বোঝা যায়, এগুলো আসলে কোরবানির জন্য প্রস্তুত করা ছাগল। এর মধ্যে সবচেয়ে বড়টির ওজন ৭৬ কেজি। বাকি দুটির ওজন ৬৪ ও ৫৪ কেজি। ব্যতিক্রমী এসব ছাগল দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন উৎসুক মানুষ।

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার বাসিন্দা ও মেরিন ইঞ্জিনিয়ার আমিরুল ইসলামের খামারে বেড়ে ওঠা ছাগল তিনটি এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সি মানুষ খামারে এসে ছাগলগুলো দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

খামার মালিক আমিরুল ইসলাম জানান, দীর্ঘদিন বিদেশি জাহাজে চাকরি করলেও শখ থেকেই কয়েক বছর আগে ছাগল পালন শুরু করেন। প্রায় ছয় বছর আগে একটি পুরুষ ছাগল ও দুটি মাদি ছাগল কিনে ছোট পরিসরে যাত্রা শুরু হয় তাঁর। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৩৮টি ছাগল। পাশাপাশি মাছের ঘের, কবুতর পালন ও ঘাসের চাষও করছেন তিনি।

তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে গত তিন বছর ধরে বড় আকৃতির ছাগল প্রস্তুত করছি। এবার তিনটি ছাগল বিশেষভাবে লালন-পালন করেছি। প্রতিদিন নির্দিষ্ট খাবার ও পরিচর্যার কারণে এগুলো অনেক বড় হয়েছে।

খামারে গিয়ে দেখা যায়, সাদা, খয়েরি ও কালো রঙের তিনটি বড় ছাগল আলাদা ঘরে রাখা হয়েছে। নিয়মিত গোসল করানোসহ বিশেষ যত্নে পালন করা হচ্ছে সেগুলো। খামারের তিনজন কর্মচারী সার্বক্ষণিক দেখভাল করছেন। খাবার হিসেবে দেওয়া হচ্ছে ভুসি, কুঁড়া, খইল, পালিশ ও তাজা ঘাস।

আমিরুল ইসলাম জানান, জীবন্ত ওজন অনুযায়ী প্রতি কেজি ৮০০ টাকা দরে ছাগল বিক্রির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে খয়েরি রঙের ছাগলটি তাঁর এক পরিচিত ব্যক্তি কিনে নিয়েছেন। ৬৪ কেজি ওজনের ছাগলটির দাম পড়েছে ৪৪ হাজার ৮০০ টাকা।

খামারে ছাগল দেখতে আসা স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে এখানে এসেছি। এত বড় ছাগল সচরাচর দেখা যায় না।

কলেজ শিক্ষার্থী শাওন হোসেন বলেন, “ছাগলগুলো দেখতে খুব সুন্দর। বোঝাই যায়, অনেক যত্ন নিয়ে পালন করা হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা সালাউদ্দিন বলেন, দেশে সাধারণত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেশি দেখা যায়। তবে ক্রস জাতের ছাগল আকারে বড় হয়। সঠিক পরিচর্যা ও খাবার নিশ্চিত করলে এ ধরনের ছাগলের ভালো বাজারমূল্য পাওয়া যায়।

প্রতিনিধি/ এজে