জেলা প্রতিনিধি
২০ মে ২০২৬, ০৭:১৩ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মাহিয়া আনুরা আনিসা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের হাজি অহিদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আনিসা ফটিকছড়ি উপজেলার হেয়াকো চিকনছড়া এলাকার নুর আহমদের মেয়ে।
শিশু মাহিয়া আনুরা আনিসার মামা মো. মহসিন বলেন, মঙ্গলবার আমাদের বাড়িতে ভাগ্নি আনিসা তার মায়ের সঙ্গে বেড়াতে আসে। বুধবার দুপুরে আমার ছেলেসহ পুকুরে গোসল করতে যায়। আমার ছেলে সাঁতার জানলেও আনিসা সাঁতার জানতো না। কিছুক্ষণ পর আমি গোসল করতে গিয়ে দেখি আমার ছেলে পুকুর থেকে আনিসাকে তোলার চেষ্টা করে। এরপর আমি গিয়ে তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরে অবস্থিত বিএম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তিন বোনের মধ্যে আনিসা দ্বিতীয়। সে হেয়াকো চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। বুধবার বাদ মাগরিব তার বাবার বাড়ি চিকনছড়া এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা আরাফাত বলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগে মাহিয়া আনুরা আনিসার মৃত্যু হয়েছে। তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হয়েছে।
প্রতিনিধি/এসএস